হরমুজ প্রণালি সংকটে নতুন শঙ্কার কথা জানাল রাশিয়া
হরমুজ প্রণালিতে সংকটের প্রভাব কাটলেও বৈশ্বিক তেলের বাজার দ্রুত স্বাভাবিক হবে না বলে সতর্ক করেছে রাশিয়া। দেশটির উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে।
রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম VGTRK-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে, যা স্বল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়।
তার ভাষ্য অনুযায়ী, যুদ্ধ পরিস্থিতির কারণে বিপুল পরিমাণ তেল আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে পারেনি। পাশাপাশি হরমুজ প্রণালি এলাকায় বহু তেলবাহী জাহাজ আটকে থাকায় সরবরাহ ব্যবস্থায় মারাত্মক বিঘ্ন ঘটেছে।
নোভাক আরও বলেন, এই সংকট গভীর আকার ধারণ করতে পারে এবং বাজারে ভারসাম্য ফিরিয়ে আনতে সময় লাগবে। তার মতে, পূর্বের অবস্থায় ফিরতে কয়েক মাস পর্যন্ত সময় প্রয়োজন হতে পারে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-এ মার্কিন-ইসরায়েল যৌথ হামলার পর থেকে তেহরান হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এর ফলে বিশেষ করে এশিয়ামুখী জ্বালানি সরবরাহ উল্লেখযোগ্যভাবে ব্যাহত হচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানিয়েছে।






আপনার মতামত লিখুন