প্রতারকদের কবলে হরমুজ রুট, সতর্কবার্তা মারিস্কের
হরমুজ প্রণালি পারাপারকে কেন্দ্র করে নতুন ধরনের প্রতারণার ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থা।
গ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মারিস্ক জানিয়েছে, কিছু প্রতারক নিজেদের ইরান-এর সরকারি প্রতিনিধির পরিচয় দিয়ে জাহাজ কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করছে। তারা দাবি করছে, নির্দিষ্ট পরিমাণ ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন বা টেদার পরিশোধ করলে নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করানো হবে।
প্রতারকদের পাঠানো বার্তায় বলা হচ্ছে, জাহাজের নথিপত্র যাচাইয়ের পর একটি নির্ধারিত ফি দিলে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী পারাপারের সুযোগ দেওয়া হবে। তবে মারিস্ক স্পষ্টভাবে জানিয়েছে, এসব দাবি সম্পূর্ণ ভুয়া এবং এর সঙ্গে কোনো সরকারি কর্তৃপক্ষের সম্পর্ক নেই।
বর্তমানে যুক্তরাষ্ট্র-এর অবরোধ এবং আঞ্চলিক উত্তেজনার কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়েছে। ফলে উপসাগরীয় অঞ্চলে বহু জাহাজ ও নাবিক আটকে আছে।
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথ দিয়ে যুদ্ধের আগে বৈশ্বিক তেল ও এলএনজি পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ সম্পন্ন হতো।
মারিস্ক জানিয়েছে, ইতোমধ্যে অন্তত একটি জাহাজ এই প্রতারণার ফাঁদে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স।






আপনার মতামত লিখুন