সমঝোতা ছাড়াই দেশে ফিরছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান উচ্চপর্যায়ের আলোচনায় কোনো সমঝোতা ছাড়াই দেশে ফিরছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
রোববার (১২ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা-এর প্রতিবেদনে জানানো হয়, প্রায় ২১ ঘণ্টা ধরে চলা এই আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধানকে ধন্যবাদ জানিয়ে বলেন, আলোচনা ব্যর্থ হওয়ার জন্য পাকিস্তান দায়ী নয়। তিনি জানান, যুক্তরাষ্ট্র তাদের ‘রেড লাইন’ স্পষ্টভাবে তুলে ধরলেও ইরান তা মেনে নেয়নি।
তবে ভ্যান্সের ভাষ্য অনুযায়ী, আলোচনায় কিছু ইতিবাচক দিকও ছিল এবং গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিনিময় হয়েছে। যদিও চুক্তি না হওয়াকে তিনি ইরানের জন্য বড় ধরনের নেতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ইরানের পক্ষে নেতৃত্ব দেন মোহাম্মদ বাঘের গালিবাফ। বৈঠকে লেবানন সংকট, জব্দ ইরানি সম্পদ এবং আঞ্চলিক উত্তেজনা নিয়ে আলোচনা হয়।
বিশ্লেষকদের মতে, যদিও এই দফায় কোনো চুক্তি হয়নি, তবুও সরাসরি সংলাপে বসা দুই দেশের জন্য কূটনৈতিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।






আপনার মতামত লিখুন