হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে সুখবর দিয়েছে ইরান
গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটি ওমান-সংলগ্ন অংশ দিয়ে জাহাজগুলোকে নিরাপদ ও অবাধে চলাচলের অনুমতি দেওয়ার প্রস্তাব বিবেচনা করছে।
বার্তাসংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবে এই প্রস্তাবটি উত্থাপন করা হয়েছে।
সূত্র মতে, যদি নতুন করে সংঘাত এড়াতে একটি চূড়ান্ত সমঝোতা হয়, তাহলে এই ছাড় কার্যকর হতে পারে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাতের কারণে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।
বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও এলএনজি এই প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়। সংঘাত শুরুর পর শত শত ট্যাঙ্কার ও প্রায় ২০ হাজার নাবিক উপসাগরে আটকে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এরই মধ্যে গত ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সংঘাত শেষের দিকে রয়েছে, তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
তেহরান-ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ওমান-নিয়ন্ত্রিত জলসীমা দিয়ে জাহাজ চলাচলে বাধা না দেওয়ার বিষয়ে ইরান প্রস্তুত থাকতে পারে। তবে সেখানে কোনো মাইন বসানো হয়ে থাকলে তা সরানো হবে কি না বা ইসরায়েল-সম্পর্কিত জাহাজগুলো এই সুবিধা পাবে কি না—তা এখনো স্পষ্ট নয়।
বিশ্লেষকদের মতে, এই প্রস্তাব বাস্তবায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে স্বস্তি ফিরতে পারে এবং চলমান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






আপনার মতামত লিখুন