জাল সনদধারী শিক্ষকদের তালিকা হচ্ছে: শিক্ষামন্ত্রী
সরকার শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে জাল সনদধারী শিক্ষক চিহ্নিতকরণ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া এনটিআরসিএ’র মাধ্যমে সম্পন্ন, এবং আর্থিক স্বচ্ছতা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন অন্যতম।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের লিখিত প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনের সভাপতিত্ব করেন।
নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জাল সনদধারী শিক্ষক চিহ্নিতকরণ, নিয়োগ প্রক্রিয়া, আর্থিক স্বচ্ছতা নীতিমালা এবং শিক্ষা প্রতিষ্ঠানের র্যাংকিং সিস্টেম চালু করা হয়েছে।”
মন্ত্রী আরও জানান, প্রযুক্তি নির্ভর শিক্ষার মানোন্নয়নের জন্য সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম, ওয়ান টিচার ওয়ান ট্যাব, ফ্রি ওয়াই-ফাই, এবং শিক্ষক প্রশিক্ষণসহ সমন্বিত প্রযুক্তিগত সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া শিক্ষক স্বল্পতা নিরসনে শূন্য পদের তালিকা পিএসসিতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
শিক্ষা ব্যবস্থায় সুশাসন নিশ্চিত করতে ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করা হয়েছে, যা শিক্ষক উপস্থিতি, পাঠদান কার্যক্রম এবং একাডেমিক তদারকি জোরদার করছে। আগামী অর্থবছরে সব শিক্ষা প্রতিষ্ঠানে ইমপ্যাক্ট ইভ্যালুয়েশন (প্রভাব মূল্যায়ন) করার পরিকল্পনা রয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী জানান, ‘অ্যাক্সিলারেটিং সেকেন্ডারি এডুকেশন’ প্রকল্পের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ ও মনিটরিং ব্যবস্থা আরও শক্তিশালী হবে। এছাড়া মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্তকরণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার।






আপনার মতামত লিখুন