চাইলে ইরানের তেল নিতাম, কিন্তু মানুষ যুদ্ধ চায় নাঃ ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সুযোগ পেলে তিনি ইরানের তেল “নিয়ে নিতেন।” তবে মার্কিন জনগণ যুদ্ধের সমাপ্তি চায়, তাই তিনি তা করছেন না।
সোমবার (০৬ এপ্রিল) দ্য পলিটিকো বরাতে ইয়াহু নিউজ জানিয়েছে, হোয়াইট হাউসে বার্ষিক ইস্টার এগ রোল অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, “আমার ইচ্ছা হলে আমি তেল রেখে দিতাম। কিন্তু দেশের মানুষকে খুশি রাখতেও চাই।”
তিনি আরও বলেন, “দুঃখজনকভাবে আমেরিকান জনগণ চায় আমরা দেশে ফিরে আসি। যদি আমার ওপর নির্ভর করত, আমি তেল নিতাম। এতে অর্থ আসত এবং ইরানের জনগণের জন্য আরও ভালো কাজ করা যেত।” ট্রাম্প যুদ্ধবিরোধী মার্কিন নাগরিকদের ‘মূর্খ’ হিসেবেও উল্লেখ করেছেন।
গত সপ্তাহে প্রকাশিত রয়টার্সের জরিপে দেখা গেছে, প্রতি চারজনের মধ্যে তিনজন মার্কিন নাগরিক ইরানে স্থলবাহিনী পাঠানোর বিরোধী। অর্ধেকের বেশি মনে করছেন, এই যুদ্ধ তাদের ব্যক্তিগত অর্থনীতিতে প্রভাব ফেলবে।
ট্রাম্প দাবি করেন, যুদ্ধ ষষ্ঠ সপ্তাহে প্রবেশ করলেও যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই বড় সাফল্য পেয়েছে। তিনি বলেন, “যুদ্ধ সাধারণত বছরের পর বছর চলে। আমরা মাত্র ৩৪ দিনে একটি শক্তিশালী দেশকে কঠোরভাবে পরাস্ত করেছি।”
এছাড়া তিনি ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি হরমুজ প্রণালি পুনরায় খুলে না দেওয়া হয়, তবে তাদের বেসামরিক অবকাঠামো—সেতু ও বিদ্যুৎকেন্দ্র—লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। যুদ্ধাপরাধ সম্পর্কিত প্রশ্নে ট্রাম্প জানান, “এ বিষয়ে আমি উদ্বিগ্ন নই। যুদ্ধাপরাধ হলো অসুস্থ দেশের হাতে পারমাণবিক অস্ত্র থাকা।”






আপনার মতামত লিখুন