আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না গুমে জড়িতরা: আইনমন্ত্রী
রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় কার্যসূচিতে পয়েন্ট অব অর্ডারে বক্তব্যের পর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান)-এর প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
আইনমন্ত্রী বলেন, ব্যারিস্টার আরমান দীর্ঘ সময় গুমের শিকার হয়েছেন। দেশে তার মতো ৭০০-এর বেশি মানুষ গুমের শিকার হয়েছেন। তিনি গুমের সঙ্গে জড়িত অপরাধীদের আইনের ফাঁক দিয়ে বাঁচার সুযোগ নেই বলে আশ্বাস দেন।
তিনি আরও বলেন, গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশে সর্বোচ্চ সাজা ১০ বছর নির্ধারিত থাকায় ভুক্তভোগীরা হয়রানির শিকার হতে পারেন। তাই সরকার চাইছে আইনগুলো আরও জনকল্যাণমুখী ও যুগোপযোগী করা হোক। একইসঙ্গে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনে মানবতাবিরোধী অপরাধের মধ্যে গুমকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন।
আইনমন্ত্রী নিশ্চিত করেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করে নতুন বিল আনা হবে যাতে অপরাধীরা কোনোভাবেই পার না পায়। যাচাই-বাছাই প্রক্রিয়ায় ব্যারিস্টার আরমানসহ ভুক্তভোগীদের মতামত নেওয়া হবে।






আপনার মতামত লিখুন