আমরা রাজাকারদের বিরুদ্ধেই যুদ্ধ করেছিলামঃ পার্থ
ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেছেন, বাংলাদেশকে কোনোভাবেই ধর্ম বা বৈশ্বিক শক্তির বিভাজনে ভাগ করা যাবে না। তবে মুক্তিযুদ্ধের ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, “মুক্তিযোদ্ধারা কোনো কল্পিত শক্তির সঙ্গে নয়, বরং রাজাকারদের বিরুদ্ধেই যুদ্ধ করেছিলেন।”
মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আন্দালিব রহমান পার্থ আরও বলেন, দেশের রাজনীতিতে ‘জুলাই আন্দোলন’ অস্বীকার করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নেই। একই সঙ্গে এ ঘটনাকে ‘জঙ্গি’ আখ্যা দেওয়ারও সমালোচনা করেন তিনি এবং বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এ বিষয়ে রাজনীতি না করার আহ্বান জানান।
এদিকে একই অধিবেশনে ফজলুর রহমান-এর মুক্তিযুদ্ধ বিষয়ক বক্তব্যকে কেন্দ্র করে সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে তীব্র বিতর্ক সৃষ্টি হয়।
বিতর্কের এক পর্যায়ে শফিকুর রহমান বলেন, একজন মুক্তিযোদ্ধার অবদান তুলে ধরতে গিয়ে অন্য কারও অবদান খাটো করার অধিকার কারও নেই। তিনি অভিযোগ করেন, তার ব্যক্তিগত পরিচয় ও আদর্শ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, যা তিনি ‘গুরুতর অপরাধ’ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, কোন রাজনৈতিক দল বা আদর্শ অনুসরণ করবেন, তা সম্পূর্ণ ব্যক্তিগত ও নাগরিক অধিকার। এ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো সুযোগ রাষ্ট্র বা সংবিধান দেয় না বলেও মন্তব্য করেন তিনি।
সংসদে এ ধরনের বক্তব্য ও পাল্টা বক্তব্যের ফলে অধিবেশন কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে।






আপনার মতামত লিখুন