জ্বালানি সংকট নেই, সরবরাহ আরও বেড়েছেঃ জ্বালানি মন্ত্রী
জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে জ্বালানির প্রকৃত চাহিদা বাড়েনি; বরং সাধারণ মানুষের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি কেনার প্রবণতার কারণেই সংকটের ধারণা তৈরি হয়েছে। সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে ৩০০ বিধিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বৈশ্বিক অস্থিরতা, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থা চাপে পড়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে তারেক রহমান-এর নির্দেশনায় সরকার আগাম প্রস্তুতি নিয়ে পরিস্থিতি মোকাবিলা করছে।
তিনি জানান, গত বছরের তুলনায় এ বছর জ্বালানি সরবরাহ বৃদ্ধি পেয়েছে। ১৭ ফেব্রুয়ারি সরকারের দায়িত্ব গ্রহণের সময় ডিজেলের মজুত ছিল ২ লাখ ৬ হাজার টন, যা ৩০ মার্চ পর্যন্ত বেড়ে ২ লাখ ১৮ হাজার টনে দাঁড়িয়েছে। গত ৪১ দিনে দেশে ৪ লাখ ৮২ হাজার টন ডিজেল বিক্রি হয়েছে।
পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের বিষয়ে ব্যাখ্যা দিয়ে মন্ত্রী বলেন, দেশের মোট জ্বালানি ব্যবহারের ৬৩ শতাংশই ডিজেল, যার সরবরাহ স্বাভাবিক রয়েছে। মাত্র ৬.৭৭ শতাংশ ব্যবহৃত অকটেনের ঘাটতির কারণে সৃষ্ট লাইনের দৃশ্য পুরো জ্বালানি পরিস্থিতির প্রতিফলন নয়।
তিনি আরও জানান, অকটেন সরবরাহ স্বাভাবিক রাখতে এপ্রিল মাসে ৫০ হাজার টন আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে এবং দেশীয় উৎস থেকে আরও ৩ হাজার টন পাওয়া যাবে। যেখানে মাসিক চাহিদা ৩৫ হাজার টন, সেখানে বর্তমান মজুত দিয়ে আগামী দুই মাসের চাহিদা পূরণ সম্ভব।
মন্ত্রী উল্লেখ করেন, বিশ্বের অনেক দেশে জ্বালানি সংকটে জরুরি অবস্থা জারি হলেও বাংলাদেশে পরিবহন, শিক্ষা ও শিল্প-কারখানা সচল রয়েছে। পাশাপাশি সরকার এখনো জ্বালানির দাম বাড়ায়নি, যদিও অনেক দেশে ২৫ শতাংশের বেশি দাম বৃদ্ধি পেয়েছে।
শেষে তিনি জনগণকে জ্বালানি ও বিদ্যুতের অপচয় রোধ এবং অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বিরত থাকার আহ্বান জানান।






আপনার মতামত লিখুন