জ্বালানি স্থাপনায় হামলা চললে পাল্টা জবাব দেবে সৌদি: ইরানকে সরাসরি সতর্কবার্তা
চলমান সংঘাত কূটনৈতিকভাবে সমাধানের পক্ষেই অবস্থান নিয়েছে সৌদি আরব। তবে দেশের জ্বালানি খাতে হামলা অব্যাহত থাকলে কঠোর পাল্টা জবাব দেওয়া হবে বলে ইরান-কে সরাসরি সতর্কবার্তা দিয়েছে রিয়াদ।
বার্তাসংস্থা রয়টার্স রোববার চারটি সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানায়, সৌদি আরব ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এ বার্তা দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর কাছে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটি ও অবকাঠামোতে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। এর মাধ্যমে তিনি মূলত উপসাগরীয় দেশগুলোর সঙ্গে উত্তেজনা কমানোর চেষ্টা করেছেন বলে মনে করা হচ্ছে।
তবে এর আগে সৌদি আরবের পক্ষ থেকে ইরানকে পাল্টা হুঁশিয়ারি পাঠানো হয়। দুই দিন আগে সৌদির পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলে সৌদির অবস্থান পরিষ্কার করেন।
সৌদি আরব জানায়, আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের যে কোনো উদ্যোগে তারা অংশ নিতে প্রস্তুত। একই সঙ্গে তারা দাবি করে, উপসাগরীয় দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে কোনো হামলা চালাতে দেওয়া হয়নি।
তবে সতর্ক করে বলা হয়েছে—যদি সৌদি আরবের ভূখণ্ড বা জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চলতে থাকে, তাহলে রিয়াদ যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে বাধ্য হতে পারে। পাশাপাশি ইরান জ্বালানি স্থাপনায় হামলা অব্যাহত রাখলে একই ধরনের পাল্টা হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সূত্রগুলো জানিয়েছে, উত্তেজনা কমাতে ব্যাক-চ্যানেল কূটনীতির মাধ্যমে সৌদি আরব ও ইরানের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সৌদি আরব ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।






আপনার মতামত লিখুন