ব্যাংক হিসাবের পূর্ণ বিবরণ প্রকাশ করলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনা-সমালোচনার প্রেক্ষিতে নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র।

সাংবাদিকদের উদ্দেশ্যে পাঠানো এক বিবৃতিতে তিনি মোট ৯টি ব্যাংক হিসাবের তথ্য উপস্থাপন করেন এবং সংশ্লিষ্ট হিসাবের পূর্ণাঙ্গ স্টেটমেন্টের সফট কপি গণমাধ্যমে সরবরাহ করা হয়েছে বলে জানান।
নিজের নামে দুইটি হিসাবঃ
তার নামে থাকা ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-এর হিসাবে ১৯ মার্চ ২০২৪ থেকে ৩ মার্চ ২০২৬ পর্যন্ত সময়ে মোট জমা হয়েছে ৮৫ লাখ ৮১ হাজার ৯৬১ টাকা এবং উত্তোলন হয়েছে ৭৬ লাখ ৩ হাজার ৩৩৫ টাকা। বর্তমানে স্থিতি রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা।
অন্যদিকে সোনালী ব্যাংক পিএলসি-এ ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে খোলা হিসাবে ৩ মার্চ ২০২৬ পর্যন্ত মোট জমা ১০ হাজার টাকা, উত্তোলন ৭০ টাকা এবং বর্তমান স্থিতি ৯ হাজার ৯৩০ টাকা।
স্ত্রীর নামে হিসাবঃ
তার স্ত্রীর নামে থাকা প্রাইম ব্যাংক পিএলসি-এর হিসাবে ১ মে ২০২৫ থেকে ৪ মার্চ ২০২৬ পর্যন্ত মোট জমা ৫১৫ টাকা, উত্তোলন ২ টাকা এবং বর্তমান স্থিতি ৬১৩ টাকা।
পিতার নামে পাঁচটি হিসাবঃ
তার পিতার নামে বিভিন্ন ব্যাংকে পাঁচটি হিসাব রয়েছে।
জনতা ব্যাংক পিএলসি-এর একটি হিসাবে বর্তমান স্থিতি ৫১ হাজার ৯৯০ টাকা। একই ব্যাংকের ঋণ হিসাবে মোট ১০ লাখ টাকা ঋণ গ্রহণের বিপরীতে ৩ লাখ ৭০ হাজার ২৫৪ টাকা পরিশোধ করা হয়েছে এবং বর্তমানে দায় রয়েছে ৬ লাখ ২৯ হাজার ৭৪৬ টাকা।
রূপালী ব্যাংক পিএলসি-এ ১ জুলাই ২০২৪ থেকে ১ মার্চ ২০২৬ পর্যন্ত সময়ে জমা হয়েছে ১১ লাখ ১৯ হাজার ১৫৫ টাকা, উত্তোলন ২১ লাখ ১০ হাজার ১৯৬ টাকা এবং বর্তমান স্থিতি ২৭ হাজার ৬০২ টাকা।
অগ্রণী ব্যাংক পিএলসি-এ একই সময়কালে জমা ৮ লাখ ১২ হাজার ৩৪৮ টাকা, উত্তোলন ৮ লাখ ৪ হাজার ৪২ টাকা এবং বর্তমান স্থিতি ৬৬ হাজার ১০৮ টাকা।
এছাড়া এনআরবিসি ব্যাংক পিএলসি-এ ‘ইসরাত এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসায়িক হিসাবে ১ জানুয়ারি ২০২৫ থেকে ৪ মার্চ ২০২৬ পর্যন্ত জমা হয়েছে ৪ লাখ ২ হাজার ৯ টাকা, উত্তোলন ১ হাজার ১০৬ টাকা এবং বর্তমান স্থিতি ৪ লাখ ৯০৩ টাকা।
মায়ের নামে হিসাবঃ
তার মায়ের নামে রূপালী ব্যাংক পিএলসি-এর হিসাবে ১ জুলাই ২০২৪ থেকে ৪ মার্চ ২০২৬ পর্যন্ত জমা ৯৪৮ টাকা, উত্তোলন ৭১৮ টাকা এবং বর্তমান স্থিতি ২১ হাজার ১৫৪ টাকা রয়েছে।
বিবৃতিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, স্বচ্ছতার স্বার্থে এবং জনমনে বিভ্রান্তি দূর করতেই এই হিসাবসমূহ প্রকাশ করা হয়েছে।






আপনার মতামত লিখুন