বগুড়া সফর স্থগিত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পূর্বনির্ধারিত বগুড়া সফর আপাতত স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নিতে তার বগুড়ায় যাওয়ার কথা ছিল। তবে আসন্ন উপনির্বাচনের কারণে সফরটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
সোমবার (২ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। তিনি জানান, ১০ মার্চের নির্ধারিত কর্মসূচি বাতিল হয়েছে এবং পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তারেক রহমান। একই সঙ্গে তিনি ঢাকা-১৭ আসন থেকেও জয়ী হন। বিধি অনুযায়ী শপথের আগে বগুড়া-৬ আসন ছেড়ে দেন তিনি।
প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া এ আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচন আয়োজন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে রয়েছেন দলের জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।
রেজাউল করিম বাদশা বলেন, উপনির্বাচনের সময় সরকারি কর্মসূচি আয়োজন করলে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের প্রশ্ন উঠতে পারে। নিয়ম মেনেই প্রধানমন্ত্রী সফর স্থগিত করেছেন।
এর আগে ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ সফরে সাংবাদিকদের জানিয়েছিলেন, ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনে প্রধানমন্ত্রী বগুড়ায় আসবেন।






আপনার মতামত লিখুন