তারেক রহমানের জন্য আমদানি বুলেটপ্রুফ গাড়ি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের উদ্দেশ্যে বিদেশ থেকে আমদানি করা বিশেষ সুবিধাসম্পন্ন একটি ‘হার্ড জিপ’ দেশে এসেছে। টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি ২৫০ মডেলের এই গাড়িটি ইতোমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নামে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
বিআরটিএ সূত্র জানায়, গত ২ ডিসেম্বর গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দেওয়া হয়। মালিকানা ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয় (২৮/১ নয়াপল্টন)। নতুন নিবন্ধিত গাড়িটির নাম্বার— ঢাকা মেট্রো-ঘ ১৬-৬৫২৮।
সাত সিটের সাদা রঙের এই প্রাডোটি ২০২৪ সালে জাপানে তৈরি হলেও এটি আমদানি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে। আমিরাতভিত্তিক ‘ভেলোস অটোমোটিভ এক্সপোর্টিং এলএলসি’-এর কাছ থেকে গাড়িটি সংগ্রহ করেছে তেজগাঁও শিল্পাঞ্চলের ‘এশিয়ান ইমপোর্টস লিমিটেড’। চট্টগ্রামের ‘মা অ্যাসোসিয়েটস’-এর মাধ্যমে ১ নভেম্বর গাড়িটি দেশে আসে।
বিল অব এন্ট্রি অনুযায়ী, গাড়িটির কার্ব ওয়েট ২,৭৯০ কেজি এবং সর্বোচ্চ ওজন ৩,০৮৫ কেজি। তবে গাড়িটি বুলেটপ্রুফ কি না— সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
এর আগে খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তায় দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়— একটি জুনে এবং আরেকটি অক্টোবর মাসে।
নতুন আমদানি করা প্রাডোটি নিয়ে প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করতে রাজি না হলেও, রাজনৈতিক অঙ্গনে এর ব্যবহার নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।






আপনার মতামত লিখুন