আল-আকসা মসজিদে এশা ও তারাবি নামাজে মুসল্লি প্রবেশ বন্ধ
অধিকৃত জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসা-তে শনিবার রাতে এশা ও তারাবি নামাজ আদায় করতে বাধা দিয়েছে ইসরায়েলি দখলদার পুলিশ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে সাম্প্রতিক হামলার পর জরুরি অবস্থার অজুহাতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ইসলামী ওয়াক্ফ বিভাগের সূত্র জানিয়েছে, শুধুমাত্র মসজিদের ইমাম শায়খ ইউসুফ আবু আসনাইনা, পরিচালক শায়খ ওমর আল-কিসওয়ানি এবং কিছু ওয়াক্ফ কর্মী এশার নামাজ আদায় করতে পেরেছেন। সাধারণ মুসল্লিদের প্রবেশ পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।
জেরুজালেম গভর্নরেট জানায়, চলতি রমজানের শুরু থেকে তারাবিতে ৩৫ হাজার থেকে এক লাখ মুসল্লি অংশ নেন। কিন্তু জরুরি অবস্থার অজুহাতে শনিবার থেকে এশা ও তারাবি নামাজ বন্ধ করা হয়েছে। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড দেশজুড়ে শিক্ষা কার্যক্রম স্থগিত, জনসমাগম নিষিদ্ধ ও জরুরি খাত ছাড়া কর্মস্থলে যাওয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে, যা আল-আকসাতেও কার্যকর হয়েছে।
জেরুজালেমবিষয়ক গবেষক জিয়াদ ইভহাইস সামাজিক মাধ্যমে লিখেছেন, এই পদক্ষেপ এককভাবে নিয়ন্ত্রণের চূড়ান্ত চেষ্টা এবং মসজিদটির ওপর ইসরায়েলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠার চেষ্টা হিসেবে দেখা যায়।






আপনার মতামত লিখুন