এলপিজির দাম নিয়ে চমক দিলেন বাণিজ্যমন্ত্রী
এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) দাম এই মুহূর্তে বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে এলপিজি আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশে এলপিজির সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে চাহিদা বেড়ে যাওয়ার সুযোগে কিছু খুচরা বিক্রেতা অতিরিক্ত দাম নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ভোক্তাদের যেন কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সে লক্ষ্যেই সংশ্লিষ্টদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমদানিকারক ও সরবরাহকারীরা যেসব প্রতিবন্ধকতার কথা তুলেছেন, সেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
এক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে তদারকি আরও জোরদার করা হবে এবং এলপিজির মূল্য স্থিতিশীল রাখতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। আপাতত দাম বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নেই।
তিনি আরও জানান, ৫ আগস্টের পর বেশ কয়েকজন আমদানিকারক নিষ্ক্রিয় থাকায় কিছু জটিলতা তৈরি হয়েছে। বিপিসির সংরক্ষণ সক্ষমতা সীমিত হলেও বেসরকারি খাতের যেসব প্রতিষ্ঠানের নিজস্ব স্টোরেজ সুবিধা রয়েছে, তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে।
সরকার এলপিজি খাতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের মাধ্যমে বাজার স্বাভাবিক রাখার চেষ্টা করছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।






আপনার মতামত লিখুন