ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প
মাত্রা ৪.৬; আগের রাতেও কেঁপেছিল দেশ
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে। হালকা থেকে মাঝারি মাত্রার এ কম্পনে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর-এর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬। সংস্থাটির সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, এর উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম, যা ঢাকা থেকে প্রায় ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।
এর আগের দিন বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫৩ মিনিটেও দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপভিত্তিক সংস্থা European-Mediterranean Seismological Centre (ইএমএসসি)-এর তথ্য অনুযায়ী, ওই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১।
সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার-এর সাংগাই অঞ্চলে। এটি মনিওয়া শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ছিল। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০১ কিলোমিটার। অবস্থান নির্ধারণ করা হয়েছে ২৩ দশমিক ০৪১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৪ দশমিক ৭২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
দুই দিনের ব্যবধানে পরপর ভূমিকম্প অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।






আপনার মতামত লিখুন