সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে কাল থেকে রোজা শুরু
সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার খবরের ভিত্তিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে চাঁদপুর জেলার প্রায় ৫০টি গ্রামে পবিত্র রমজানের সিয়াম পালন শুরু হচ্ছে। এর মধ্যে হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাদ্রা দরবার শরিফ অন্যতম।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সাদ্রা দরবার শরিফের পীরজাদা ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাঁদ দেখার খবর পাওয়ার পর তারাবি ও রোজা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একইভাবে মতলব উত্তর উপজেলার সাতকানিয়া মির্জাখীল দরবার শরিফ-এও তারাবির প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দরবারটির বর্তমান পীর সৈয়দ মোহাম্মদ মাকসুদুর রহমান মঙ্গলবার রাতে এ তথ্য জানান।
জানা গেছে, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব, কচুয়া ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন গ্রামের মুসল্লিরা বুধবার থেকে রোজা পালন করবেন। সংশ্লিষ্ট দরবারগুলোর অনুসারীরা দীর্ঘদিন ধরেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রমজান ও দুই ঈদ উদযাপন করে আসছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরিফের প্রতিষ্ঠাতা পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ অন্যান্য আরব দেশের সঙ্গে সময় মিলিয়ে রোজা ও ঈদ পালনের প্রথা চালু করেন। সেই ধারাবাহিকতাই এখনো অনুসরণ করা হচ্ছে।






আপনার মতামত লিখুন