ঢাকা-১৫–এর কর্মী শাহ আলমের কবর জিয়ারত
সন্তানের দায়িত্ব নিলেন জামায়াত আমির শফিকুর রহমান
ঢাকা-১৫ আসনে নির্বাচনী কার্যক্রমে সক্রিয় থাকা এক রিকশাচালকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শফিকুর রহমান। ইন্তেকালের খবর পেয়ে তিনি কিশোরগঞ্জের ইটনায় মরহুমের গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানান।
মরহুম শাহ আলম ভূঁইয়া (৫৫) পেশায় রিকশাচালক ছিলেন। রাজধানীর কাফরুল এলাকায় জীবিকা নির্বাহের পাশাপাশি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সমর্থক হিসেবে নির্বাচনী প্রচারণায় অংশ নিতেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার শিমুলবাঁক এলাকায়।
গত ৮ ফেব্রুয়ারি স্থানীয় একটি নির্বাচনী জনসভায় যোগ দিতে যাওয়ার পথে নৌকায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়।
এক শোকবার্তায় জামায়াত আমির বলেন, শাহ আলম ছিলেন দ্বীনের পথে নিবেদিতপ্রাণ একজন কর্মী। সীমিত সামর্থ্য ও সংগ্রামের মধ্যেও তিনি আদর্শিক অবস্থান থেকে সরে আসেননি। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও শক্তি প্রার্থনা করেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ইটনায় গিয়ে শফিকুর রহমান মরহুমের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় তিনি শাহ আলমের অপ্রাপ্তবয়স্ক দুই সন্তানের প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সার্বিক দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।
এ সফরে তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ।






আপনার মতামত লিখুন