নতুন সরকারের
শপথে সার্ক নেতাদের আমন্ত্রণ, মোদির উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা
নবগঠিত সরকারের শপথ অনুষ্ঠানকে ঘিরে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হচ্ছে।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের কাছেও আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে।
এদিকে ভারতীয় গণমাধ্যম Hindustan Times জানিয়েছে, ঢাকার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হলেও শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদির উপস্থিতি অনিশ্চিত। কারণ, একই সময়ে ভারতে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার সূচি রয়েছে তার। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ওই সম্মেলনে যোগ দিতে ভারতে সফর করবেন এবং মুম্বাইয়ে তার সঙ্গে মোদির বৈঠকের সম্ভাবনা রয়েছে।
তবে মোদি ব্যক্তিগতভাবে উপস্থিত না থাকলেও ভারতের পক্ষ থেকে একজন জ্যেষ্ঠ প্রতিনিধি—সম্ভবত উপ-রাষ্ট্রপতি বা পররাষ্ট্রমন্ত্রী—ঢাকায় অনুষ্ঠানে অংশ নিতে পারেন বলে ভারতীয় সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে।
ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, দিল্লি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের বিষয়ে তাড়াহুড়া করতে চায় না। যদিও সাম্প্রতিক টানাপোড়েনের পর দুই দেশের সম্পর্ক পুনরায় শক্তিশালী করা ভারতের অগ্রাধিকার তালিকায় রয়েছে।
বিশ্লেষকদের মতে, শপথ অনুষ্ঠানে আঞ্চলিক নেতাদের আমন্ত্রণ দক্ষিণ এশিয়ায় নতুন সরকারের কূটনৈতিক অগ্রাধিকারের ইঙ্গিত বহন করছে।






আপনার মতামত লিখুন