৬৮ আসনে জিতে সংসদে শক্ত অবস্থান গড়ল জামায়াত
১৯৪১ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ ৮৫ বছরের রাজনৈতিক ইতিহাসে এবারই সর্বোচ্চ নির্বাচনী সাফল্য অর্জন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফল অনুযায়ী দলটি এককভাবে ৬৮টি আসনে জয় পেয়েছে। এর মাধ্যমে দীর্ঘ সময় পর তারা সংসদে শক্ত অবস্থান নিয়ে ফিরছে।
এর আগে দলটির সর্বোচ্চ সাফল্য ছিল ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে, যখন তারা ১৮টি আসন লাভ করে। সর্বশেষ ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে মাত্র দুটি আসনে জয় পেয়েছিল দলটির প্রতীক দাঁড়িপাল্লা।
স্বাধীনতার পর ১৯৭২ সালে স্বাধীনতাবিরোধী ভূমিকার অভিযোগে জামায়াত নিষিদ্ধ হয় এবং ১৯৭৩ সালের নির্বাচনে অংশ নিতে পারেনি। পরে ১৯৭৯ সালে মুসলিম লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে ইসলামিক ডেমোক্রেটিক লীগ নামে নির্বাচনে অংশ নিয়ে ছয়টি আসন পায়।
১৯৮৬ সালে নিজস্ব নামে নির্বাচন করে ১০টি আসনে জয়লাভ করে দলটি। ১৯৯১ সালে আসন সংখ্যা বাড়লেও ১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচনে বড় ধাক্কা খায়—৩০০ আসনে প্রার্থী দিয়ে মাত্র তিনটিতে জয় পায়।
২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সঙ্গে জোট করে ৩১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১৭টিতে জয়লাভ করে জামায়াত। ওই সময় তারা প্রথমবারের মতো সরকারে অংশীদার হয়। তবে ২০০৮ সালের নির্বাচনে ভরাডুবি হয়; ৩৯টি আসনে প্রার্থী দিয়ে মাত্র দুটি আসন পায়।
২০১৩ সালের আগস্টে বাংলাদেশ হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল ঘোষণা করলে দলটির সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বন্ধ হয়ে যায়। ২০১৪ সালে তারা নির্বাচন বর্জন করে। ২০১৮ সালে ধানের শীষ প্রতীকে ২১ নেতা অংশ নিলেও কেউ জয়ী হতে পারেননি।
২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনেও অংশ নেয়নি দলটি। একই বছরের ১ আগস্ট তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করে। পরে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে নিষেধাজ্ঞা শিথিল হয় এবং অন্তর্বর্তী সরকারের সময় দলটি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ অবস্থা থেকে মুক্তি পায়।
সাম্প্রতিক নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নেওয়ায় জামায়াত বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে সক্রিয় ভূমিকা রাখে। সরকার গঠনের প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত প্রধান বিরোধী দলের অবস্থানেই সন্তুষ্ট থাকতে হচ্ছে দলটিকে।






আপনার মতামত লিখুন