পুলিশের আশ্বাসে ২ ঘণ্টা পর নবীনগর-চন্দ্রা মহাসড়কে যান চলাচল শুরু
ন্যায্য ভাড়ার আশ্বাসে দুই ঘণ্টা পর নবীনগর–চন্দ্রা মহাসড়কে যান চলাচল শুরু
পুলিশের আশ্বাসের পর প্রায় দুই ঘণ্টা অবরোধ তুলে নিয়েছেন ন্যায্য ভাড়ার দাবিতে আন্দোলনরত যাত্রীরা। এতে নবীনগর–চন্দ্রা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করলেও বিভিন্ন স্থানে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে মহাসড়কে যান চলাচল শুরু হয়।
আন্দোলনকারীরা জানান, ভোট উপলক্ষে পোশাক কারখানায় ছুটি ঘোষণার পর বিপুল সংখ্যক শ্রমিক বাড়ির উদ্দেশে রওনা দেন। এ সুযোগে গণপরিবহন চালক ও সহকারীরা যাত্রীদের কাছ থেকে স্বাভাবিক ভাড়ার দ্বিগুণ ও তিনগুণ পর্যন্ত দাবি করছিল। বাধ্য হয়েই ন্যায্য ভাড়ার দাবিতে তারা সড়ক অবরোধ করেন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান জানান, সকাল ৮টার দিকে বাইপাইল এলাকায় পোশাক শ্রমিক ও যাত্রীরা আন্দোলন শুরু করেন। পরে পুলিশ তাদের সঙ্গে আলোচনা করে ন্যায্য ভাড়া নিশ্চিতের আশ্বাস দিলে সকাল ১০টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। বর্তমানে যান চলাচল শুরু হলেও কিছু এলাকায় গাড়ির গতি ধীর রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে বিভিন্ন পয়েন্টে কাজ করছে।






আপনার মতামত লিখুন