অস্ত্রের মুখে ট্রাক থেকে ৩০ গরু নিয়ে পালালো ডাকাতদল
সাভারের আশুলিয়ায় চলন্ত ট্রাক থামিয়ে অস্ত্রের মুখে চালক ও গরুর মালিককে জিম্মি করে ৩০টি গরুসহ একটি ট্রাক ছিনতাই করেছে ডাকাতদল। শনিবার (২৯ নভেম্বর) গভীর রাতে নবীনগর–চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার (৩০ নভেম্বর) রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
পুলিশ জানায়, বগুড়া থেকে ট্রাকযোগে গরু পরিবহন করে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন মালিক ও চালক। রাত প্রায় ২টার দিকে ডিইপিজেড এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস সামনে এসে ট্রাকটির পথ রোধ করে। এরপর দ্রুত নেমে আসা ডাকাতরা অস্ত্র তাক করে চালক ও মালিককে জিম্মি করে ট্রাকটি নিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়।
ভোরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ময়মনসিংহের একটি এলাকা থেকে ফেলে যাওয়া ট্রাক ও ৫টি গরু উদ্ধার করে। তবে এখনো নিখোঁজ রয়েছে ২৫টি গরু। ডাকাতদলকে আটকে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
ওসি আব্দুল হাননান বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান শুরু করা হয়েছে। ট্রাক ও কিছু গরু উদ্ধার করতে পেরেছি। খুব শিগগিরই ডাকাতচক্রকে গ্রেপ্তার করে পুরো ঘটনা উদঘাটন করা সম্ভব হবে।”






আপনার মতামত লিখুন