নির্বাচনে মোবাইল ফোন নিষিদ্ধ: মাল্টিমিডিয়া সাংবাদিকদের নিন্দা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মাল্টিমিডিয়া সাংবাদিকদের ওপর মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্তে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমআরএ জানায়, প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ ও দায়িত্বপ্রাপ্ত আনসার ছাড়া কেউ ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবে না, যা মাল্টিমিডিয়া ও মোবাইল সাংবাদিকদের সংবাদ সংগ্রহের সুযোগ সীমিত করছে।
এমআরএ-এর সভাপতি ফখরুল ইসলাম বলেন, এই বিধিনিষেধ সংবিধান স্বীকৃত মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থি, যা সংবাদ সংগ্রহ ও প্রচারে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের গণঅভ্যুত্থানসহ গুরুত্বপূর্ণ সময়গুলোতে মাল্টিমিডিয়া সাংবাদিকরা দায়িত্বশীল ও সাহসী সংবাদ প্রচারের মাধ্যমে জাতিকে তথ্য পৌঁছে দিয়েছেন। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও গণতান্ত্রিকভাবে উপস্থাপন করার স্বার্থে সাংবাদিকদের ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে।
সংগঠনটির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বলেন, এই সিদ্ধান্ত গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং ইসিকে আহ্বান জানিয়েছেন, সাংবাদিকদের মোবাইল নিয়ে কেন্দ্র এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হোক।






আপনার মতামত লিখুন