নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন আসিফ মাহমুদ
আসন ও দল নিয়ে স্পষ্ট ঘোষণা এখনও নেই
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আগ্রহের কথা জানালেও কোন রাজনৈতিক দল বা কোন আসন থেকে নির্বাচন করবেন—এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানাননি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছি, তবে কোন জায়গা থেকে প্রার্থী হবো তা এখনো নির্ধারণ করিনি।”
নির্বাচনে অংশ নিলে সরকারি দায়িত্ব থেকে পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা জানান, সরকারে বিভিন্ন মন্ত্রণালয়ে থাকা উপদেষ্টা পদে অনেকে নির্বাচনের কথা ভাবছেন। আইনগতভাবে উপদেষ্টা পদে থেকে নির্বাচনে অংশগ্রহণে বাধা না থাকলেও স্বার্থের সংঘাত এড়াতে নির্বাচন শুরুর আগে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত বলে তিনি মত দেন। তিনি আরও বলেন, এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা করে যথাসময়ে বিস্তারিত জানানো হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুদকের তদন্ত প্রসঙ্গে তিনি জানান, যেখানে অনিয়মের অভিযোগ থাকবে, সেখানে দুদক তদন্ত করতেই পারে। প্রয়োজনে প্রয়োজনীয় সহযোগিতাও করা হবে।
কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন—এ প্রশ্নে তিনি বলেন, এখনই রাজনৈতিক বক্তব্য দেওয়া সঠিক হবে না। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।






আপনার মতামত লিখুন