নির্বাচনী সমাবেশ শেষে ফেরার পথে জামায়াত নেতা নিহত
ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসমাবেশে অংশ নিয়ে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় আসাদ নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভৈরবা এলাকায় একটি পাওয়ার ট্রিলার ও একটি ত্রিচাকার যানবাহনের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। নিহত আসাদ নেপা ইউনিয়নের কুল্লাহ গ্রামের বাসিন্দা এবং আনারুলের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বিকেলে মহেশপুরে আয়োজিত জামায়াতের নির্বাচনী সমাবেশ ও মিছিলে অংশ নেন আসাদসহ কয়েকজন। কর্মসূচি শেষে তারা পাওয়ার ট্রিলারে করে নিজ নিজ গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে ভৈরবা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি থ্রিহুইলারের সঙ্গে তাদের যানবাহনের সংঘর্ষ হয়। এতে আসাদসহ মোট পাঁচজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আসাদের অবস্থার অবনতি হলে রাত আনুমানিক ১১টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে চিকিৎসাধীন অবস্থায় আসাদ মারা যান। আহত অন্য চারজন বর্তমানে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






আপনার মতামত লিখুন