মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় স্বর্ণ ব্যবসায়ীসহ দুইজনের মৃ’ত্যু
মাদারীপুরের রাজৈর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় স্বর্ণ ব্যবসায়ী ও অটোভ্যানচালক দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় কালীবাড়ি ও বড় ব্রিজের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আমগ্রাম ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের নিত্যানন্দ গাইনের ছেলে ও টেকেরহাটের স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইন (৩৪) এবং একই গ্রামের বিকাশ সরকারের ছেলে ব্যাটারিচালিত ভ্যানচালক বিপ্লব সরকার (৩৪)। দু’জনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, টেকেরহাট বন্দর থেকে বিপ্লবের ভ্যানে বাড়ি ফিরছিলেন পলাশ। তারা মহাসড়কের কালীবাড়ি এলাকার ডিভাইডারের কাছে পৌঁছালে ঢাকাগামী স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের একটি কাভার্ডভ্যান অটোভ্যানটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পলাশ।
গুরুতর আহত বিপ্লবকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
খবর পেয়ে মোস্তফাপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করে। ওসি মো. মামুন আল রশিদ জানান, আইনগত প্রক্রিয়া চলছে।






আপনার মতামত লিখুন