সোচ্চারের জরিপে ঢাকা-১১ আসনে এগিয়ে এনসিপির নাহিদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম ভোটের দৌড়ে এগিয়ে রয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও এডভোকেসি সংস্থা সোচ্চার–টর্চার ওয়াচডগ বাংলাদেশ।
সংস্থাটির সাম্প্রতিক জরিপে দেখা যায়, এই আসনের ৪১ দশমিক ৪ শতাংশ ভোটার নাহিদ ইসলামকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমকে ভোট দিতে চান ৩৭ শতাংশ ভোটার।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বিডিবিএল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরিপের ফল তুলে ধরেন সোচ্চারের প্রেসিডেন্ট ও নর্থ সাউথ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমদ। তিনি জানান, চারটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আসনভিত্তিক জরিপের অংশ হিসেবেই এই গবেষণা পরিচালিত হয়।
ড. শিব্বির আহমদের দেওয়া তথ্যে জানা যায়, ঢাকা-১১ আসনে পরিচালিত এই জরিপে মোট ৬০৬ জন ভোটার অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৫১ শতাংশ পুরুষ এবং ৪৯ শতাংশ নারী। জরিপে পুরুষ ভোটারদের মধ্যে ৪১ দশমিক ৭ শতাংশ এবং নারী ভোটারদের ৪১ দশমিক ১ শতাংশ নাহিদ ইসলামকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে, এম এ কাইয়ুমের পক্ষে মত দিয়েছেন ৩৩ দশমিক ৭ শতাংশ পুরুষ ও ৪০ দশমিক ৪ শতাংশ নারী ভোটার।
জরিপ বিশ্লেষণে আরও বলা হয়, বিভিন্ন বয়স ও পেশার ভোটারদের সমর্থনে নাহিদ ইসলাম তুলনামূলকভাবে এগিয়ে রয়েছেন। একই সঙ্গে ৪৫ দশমিক ৭ শতাংশ ভোটারের ধারণা—শেষ পর্যন্ত এই আসনে নাহিদ ইসলামই বিজয়ী হতে পারেন। তবে ৪০ দশমিক ৬ শতাংশ ভোটার মনে করছেন, এম এ কাইয়ুমের জয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।






আপনার মতামত লিখুন