নির্বাচন ঘিরে সারাদেশে দুইদিন বন্ধ থাকবে দোকান ও শপিংমল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্য প্রতিষ্ঠান ও শপিংমল টানা দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি। আগামী বুধবার ও বৃহস্পতিবার (১১ ও ১২ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্ত কার্যকর হবে।
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির এক যৌথ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ৫ ফেব্রুয়ারি সিদ্ধান্তের কথা জানানো হলেও বিষয়টি শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রকাশ্যে আসে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোটে নাগরিকদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের গৃহীত সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব দোকান ও শপিংমল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।
এরই মধ্যে নির্বাচন উপলক্ষ্যে সরকার ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি শিল্পকারখানার শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি ছুটি নির্ধারণ করা হয়েছে। ভোটের দিন ১২ ফেব্রুয়ারি এমনিতেই সরকারি ছুটি থাকবে। এরপর সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন নিয়মিত সাপ্তাহিক ছুটি।
এতে করে দেশজুড়ে টানা কয়েক দিনের ছুটি তৈরি হলেও নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যবসায়ী সংগঠনগুলো সরকারের সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।






আপনার মতামত লিখুন