প্রেস সচিব
১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন শেষ হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যেই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং এতে সর্বোচ্চ তিন দিন সময় লাগতে পারে। ফলে ১৭ অথবা ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব গ্রহণ করতে পারে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, নির্বাচনের পরপরই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর বিলম্ব না করে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হবে। তিনি বলেন, “আমরা চাই খুব দ্রুত এই প্রক্রিয়া শেষ করতে। সবকিছু ঠিক থাকলে তিন দিনের মধ্যেই তা সম্ভব।”
এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে চলমান গুঞ্জন প্রসঙ্গে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ। তিনি বলেন, সরকার ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।
ডেপুটি প্রেস সচিব আরও বলেন, নির্বাচন শেষে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, তাদের কাছেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা হবে—এ বিষয়ে সরকার শুরু থেকেই পরিষ্কার অবস্থানে রয়েছে।
১৮০ কার্যদিবস প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করেন, এই সময়সীমা মূলত নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য প্রযোজ্য। তারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি গণপরিষদের সদস্য হিসেবেও কিছু সংস্কারমূলক কাজে যুক্ত থাকবেন। বিশেষ করে ‘জুলাই চার্টার’ ও সংশ্লিষ্ট সংস্কারের ধারা-উপধারার আইনি কাঠামো নির্ধারণে এই সময় প্রয়োজন হতে পারে। এ প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সম্পৃক্ততা থাকবে না বলেও তিনি স্পষ্ট করেন।






আপনার মতামত লিখুন