খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সিলেট থেকে শুরু হবে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৯:০২ অপরাহ্ণ
সিলেট থেকে শুরু হবে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা আগামী ২০ ডিসেম্বর সিলেটে হযরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে। মাজার জিয়ারতের পর জনসভা হবে। সেটাই হবে প্রথম নির্বাচনী জনসভা।

রোববার (১০ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

মানবাধিকার সংক্রান্ত গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ দেশে বিএনপি মানবাধিকার লঙ্ঘনের ঘৃণ্য ও জঘন্যতম উদাহরণ সৃষ্টি করেছে। তার নজির সমসাময়িক বিশ্বের কোথাও নেই। মানবাধিকার লঙ্ঘনের সব রেকর্ড তারা ভঙ্গ করেছে।

ওবায়দুল কাদের বলেন, এ দেশে প্রথম কবে মানবাধিকার লঙ্ঘন হয়েছিল? দেশের স্বাধীনতার পর ১৫ আগস্টের মতো মানবাধিকার লঙ্ঘন পৃথিবীর ইতিহাসে বিরল এবং বাংলাদেশে এমন ঘটনা তার আগে ঘটেনি। নেত্রী বলেছিলেন, এ দেশে আমার বাবার হত্যার বিচার চেয়েও পাইনি। চট্টগ্রামের মৌলভী আবুলকে গুম করে দেশের রাজনীতিতে গুমের ধারা প্রথম চালু করেছিলেন জিয়াউর রহমান। সেই ধারা খালেদা জিয়া অব্যাহত রেখেছিলেন।

২০০৪ সালের ২১ আগস্টের হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনামলে এ দেশে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। ক্ষমতায় থাকাকালে ইসরাইল আজ গাজা করছে, তারা সে রকম কিছু ঘটনা ঘটিয়েছিল।

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা গাজার সিজ ফায়ারের বিরুদ্ধে ভোট দেয় তাদের কাছে বিচার চেয়ে কী লাভ? আমাদের একাত্তরকেও তো হার মানিয়েছে। যারা গাজার বিরুদ্ধে ভোট দেয় তাদের কাছে বিচার চেয়ে কী লাভ আমাদের বলুন? আর আমাদের এখানে যা ঘটছে সেসব তথ্য তো আমরা দিয়েই থাকি। সেটা আমরা পারস্পরিক বিনিময় করি।

প্রার্থিতা প্রত্যাহারের ৭ দিন বাকি। জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের আলোচনা কতদূর? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সময়তো আছে, ১৭ তারিখ পর্যন্ত সময় আছে। সময় যখন আছে অস্থির হওয়ার দরকার নেই। প্রার্থীরা তো প্রস্তুত হয়েই মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রত্যাহারের একটা সময় আছে না? সে সময় পর্যন্ত অ্যাডজাস্টমেন্ট, একমেন্ডেশনে যদি প্রয়োজন হয় আমরা সময় মতো করব। এনিয়ে আপনাদের দুশ্চিন্তা করার দরকার নেই।

জাতীয় পার্টির সঙ্গে গোপনে আলোচনা কেন? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আলোচনা গোপনে হয় না, গোপনীয়তা রক্ষা করেছি। কারণ এইগুলা বিভ্রান্তি সৃষ্টি হয়। আপনি এক কথা বলবেন, আরেকজন আরেক কথা বলবে। এইজন্য একটু গোপনীয়তা রক্ষা করা।

বিএনপি আন্দোলন চালিয়ে যাবে সরকার পতন না হওয়া পর্যন্ত। এ বিষয়ে আপনারা কী ভাবছেন? উত্তরে তিনি বলেন, আন্দোলন চালিয়ে যাক। সরকারের আগামী মেয়াদে আসলে তখনও আবার অবরোধ হরতাল দেবে তারা। এগুলোকে আমরা এখন আর পাত্তা দিচ্ছি না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপড়েনের কারণে প্রধানমন্ত্রীর ওপর হামলার আশঙ্কা আছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কারো সঙ্গে কোনো কনফ্লিক্ট নেই। আমরা পরাশক্তি হতে চাই না। আমরা সুপার পাওয়ার হতে চাই না। আমরা যেভাবে আছি, আমাদের জনগণকে নিয়ে ভাল থাকতে চাই, সুখে থাকতে চাই।

ভূ-রাজনীতির কারণে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব পড়ছে এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলোর মতবিরোধ নিরসনের আহ্বান জানিয়েছেন এফবিসিসিআইয়ের সভাপতি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ভালো কথা সবাই বলার চেষ্টা করে। বাস্তবতাটা যে বড় কঠিন। যারা ভালো কথা বলেন তারাও জানেন। আমাদের অর্থনীতি নিজেদের বিষয়। সারা বিশ্বের অর্থনীতি এখন আবর্তিত হচ্ছে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের ওপর। যে কারণে সারা বিশ্বের অর্থনীতি ও বাণিজ্য হুমকির মুখে পড়েছে। সেখান থেকে আমরাও মুক্তি পাইনি। আমরা সংকট সৃষ্টি করিনি অথচ আমাদেরই এই সংকটের মূল্য দিতে হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি