হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট ও জীবন-জীবিকার জন্য কোটি টাকা দেবে সরকার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবারকে রাজধানীতে একটি ফ্ল্যাট কেনা এবং জীবন-জীবিকা নির্বাহের জন্য মোট দুই কোটি টাকা সহায়তা দেবে সরকার। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
অর্থ উপদেষ্টা বলেন, হাদির পরিবারের জন্য দুটি আলাদা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে এক কোটি টাকা অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে ফ্ল্যাট বা বাসস্থানের জন্য দেওয়া হবে। পাশাপাশি প্রধান উপদেষ্টার তহবিল থেকে আরও এক কোটি টাকা দেওয়া হবে, যা পরিবারটির জীবন-জীবিকা নির্বাহে সহায়তা হিসেবে ব্যবহৃত হবে।
এর আগে হাদির ভাইকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে— এমন প্রেক্ষাপটে আবারও আর্থিক সহায়তা কেন দেওয়া হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এ বিষয়ে তাকে প্রশ্ন করে বিশেষ লাভ নেই।
তিনি আরও জানান, অর্থ মন্ত্রণালয় থেকে এক কোটি টাকার বরাদ্দ ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে বাণিজ্য উপদেষ্টার পদ্মা সেতু নিয়ে দেওয়া চালের দাম সংক্রান্ত মন্তব্য বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা কোনো মন্তব্য করতে রাজি হননি।
অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাদির পরিবারের জন্য ফ্ল্যাট কেনার অনুদান চেয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে আবেদন করে। যাচাই-বাছাই শেষে হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে এ অনুদান অনুমোদন দেওয়া হয়েছে।
সূত্র অনুযায়ী, রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত সরকারি দোয়েল টাওয়ারে ১ হাজার ২১৫ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট কেনা ও তা সুসজ্জিত করতে এ অর্থ ব্যয় করা হবে। চলতি ২০২৫–২৬ অর্থবছরে গৃহায়ন মন্ত্রণালয়ের আবাসিক ভবন খাতে বরাদ্দ রাখা ছয় কোটি টাকা থেকে এ ব্যয় নির্বাহ করা হবে।
ফ্ল্যাট বরাদ্দের শর্ত হিসেবে বলা হয়েছে, সরকারি আর্থিক বিধি-বিধান ও নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি বরাদ্দের অর্থ সংশোধিত বাজেটে অন্তর্ভুক্ত করা এবং অব্যবহৃত অর্থ ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশনা রয়েছে।






আপনার মতামত লিখুন