ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী গু’লিবিদ্ধ
হাসপাতালে চিকিৎসাধীন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
এর আগে গত ১৩ নভেম্বর ওসমান হাদী সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছিলেন যে তিনি হত্যার হুমকি পাচ্ছেন। তার মোবাইল নম্বরে বিদেশি নম্বর থেকে কল ও মেসেজের মাধ্যমে এসব হুমকি দেওয়া হয় বলে জানান তিনি।
সেদিন রাতে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন—গত তিন ঘণ্টায় অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে তাকে কল ও বার্তা পাঠানো হয়েছে। তিনি দাবি করেন, তাকে নজরদারিতে রাখা হচ্ছে এবং তার পরিবারকেও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।
স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, হুমকি থাকা সত্ত্বেও তিনি তার আন্দোলন ও দাবির জায়গা থেকে পিছিয়ে আসবেন না। এমনকি সম্ভাব্য যে কোনো ঝুঁকি মোকাবিলায় তিনি প্রস্তুত বলেও জানান।
হাদী লিখেছিলেন, “একজনকে দমন করলে হাজারো মানুষ আওয়াজ তুলবে—এই বিশ্বাস থেকেই আমি এগিয়ে যাচ্ছি।”
শেষে তিনি তার পরিবার ও সহযোদ্ধাদের সুরক্ষার জন্য প্রার্থনা করেন এবং ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দেন।






আপনার মতামত লিখুন