জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
গণভবনে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজ পরিদর্শন করেছেন। বিকেল ৩টার দিকে তিনি জাদুঘরে পৌঁছে জন্মলগ্ন থেকে জুলাই অভ্যুত্থানের পেছনের ইতিহাস ও শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলের চিত্র ঘুরে দেখেন।
এসময় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

জাদুঘরে ছবি, স্মৃতিচিহ্ন, শহীদদের পোশাক, চিঠিপত্র, গুরুত্বপূর্ণ দলিল, পত্রিকার কাটিং এবং অডিও-ভিডিও উপকরণ সংরক্ষিত। এছাড়াও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্যও প্রদর্শিত আছে।
প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “এই জাদুঘর জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই তৈরি করা সম্ভব হয়েছে। এটি ইতিহাসে এক নজিরবিহীন উদাহরণ। আমাদের লক্ষ্য, ভবিষ্যতে কোথাও আর এমন জাদুঘর তৈরির প্রয়োজন না হোক।” তিনি আরও বলেন, “প্রতিটি নাগরিক ও শিক্ষার্থীর উচিত এখানে আসা, এ থেকে শিক্ষা গ্রহণ করা এবং নৃশংসতার প্রতিফলন উপলব্ধি করা।”

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, “অল্প সময়ে জাদুঘরের কাজ এই পর্যায়ে এসেছে, যা অনেক শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীর অক্লান্ত পরিশ্রমের ফল। নির্বাচনের আগে এটি সাধারণের জন্য উন্মুক্ত করা হবে। জুলাই জাদুঘর ইতিহাস ও ভবিষ্যতের রাজনীতির শিক্ষার কেন্দ্র হিসেবে কাজ করবে।”






আপনার মতামত লিখুন