এনসিপির সঙ্গে বৈঠক
নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৈঠকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পর্যবেক্ষণ, উদ্বেগ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিভিন্ন দাবি তুলে ধরেন দলটির নেতারা।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মূসা।
বৈঠকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।
এনসিপি নেতারা জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দলটির নেতাকর্মীরা দেশব্যাপী প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি তারা নির্বাচনের পরিবেশ, প্রশাসনের ভূমিকা ও সমান সুযোগ নিশ্চিতের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন সংক্রান্ত যেকোনো অভিযোগ বা পরামর্শ দ্রুত সরকারকে জানাতে হবে। সরকার প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে এবং কেউ যেন আইন লঙ্ঘন করতে না পারে সে বিষয়ে কঠোর অবস্থান থাকবে।
তিনি আরও বলেন, নিরপেক্ষতা নিশ্চিত করতেই মাঠ প্রশাসনে লটারির মাধ্যমে রদবদল আনা হয়েছে। এ নির্বাচনে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন এবং অবশ্যই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।
প্রধান উপদেষ্টা জানান, জানুয়ারির মধ্যেই অধিকাংশ ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বডি ক্যামেরা থাকবে এবং কন্ট্রোল রুম থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের ভূমিকা আইনসম্মত উল্লেখ করে তিনি বলেন, জনগণকে বোঝানো হচ্ছে কেন ‘হ্যাঁ’ ভোট প্রয়োজন এবং এতে কী পরিবর্তন আসবে। সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের দায়িত্ব সরকার, নির্বাচন কমিশন ও সব রাজনৈতিক দলের—এই আহ্বানও জানান তিনি।






আপনার মতামত লিখুন