কড়াইলবাসীকে ফ্ল্যাট করে দেওয়ার আশ্বাস তারেক রহমানের
রাজধানীর কড়াইল বস্তির বাসিন্দাদের জন্য স্থায়ী ও মর্যাদাপূর্ণ আবাসনের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কড়াইল এলাকায় বহুতল ভবন নির্মাণ করে সেখানকার দীর্ঘদিনের বাসিন্দাদের নামে ছোট আকারের ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জোবায়দা রহমান উপস্থিত ছিলেন। বক্তব্যে তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে থেকে রাজনীতি করেছে এবং ক্ষমতায় থাকাকালে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করেছে।
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, কড়াইলবাসীর দীর্ঘদিনের আবাসন সংকট ধাপে ধাপে সমাধান করতে চান তিনি। এজন্য এলাকার বাসিন্দাদের তালিকাভুক্ত করে তাদের নিজ নিজ নামে ফ্ল্যাট হস্তান্তরের উদ্যোগ নেওয়া হবে, যাতে রাজধানীর বুকে তারা নিরাপদে বসবাস করতে পারেন।
শিক্ষা ও স্বাস্থ্য খাতেও উন্নয়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, কড়াইল এলাকায় শিক্ষা, খেলাধুলা ও চিকিৎসাসেবার পর্যাপ্ত সুযোগ তৈরি করা হবে। স্থানীয়ভাবে ক্লিনিক ও হাসপাতাল গড়ে তুলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
নারীদের আর্থিক ক্ষমতায়নের বিষয়ে তারেক রহমান বলেন, খালেদা জিয়ার উদ্যোগে নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। ভবিষ্যতে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর চিন্তাভাবনা রয়েছে।
ব্যক্তিগত স্মৃতিচারণ করে তিনি বলেন, কড়াইল এলাকার সঙ্গে তার পারিবারিক ও আবেগী সম্পর্ক রয়েছে এবং জীবনের শেষ দিন পর্যন্ত কড়াইলবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম বিন আলী। এ সময় বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনারসহ মহানগর উত্তর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






আপনার মতামত লিখুন