এআই যুগে টিকে থাকতে আধুনিক ও ব্যবহারিক শিক্ষার বিকল্প নেই: তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পৃথিবী এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–নির্ভর যুগে প্রবেশ করেছে। জ্ঞান, মেধা ও দক্ষতার প্রতিযোগিতা এখন বৈশ্বিক। এই প্রতিযোগিতামূলক বিশ্বে সম্মান ও অবস্থান ধরে রাখতে হলে শিক্ষার্থীদের আধুনিক ও ব্যবহারিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের আয়োজিত বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা ভিত্তিক মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন,“তোমরা মাদরাসা বা সাধারণ যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করো না কেন, মনে রেখো—সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও ব্যবহারিক শিক্ষায় দক্ষ হতে হবে। জ্ঞানে-বিজ্ঞানে পারদর্শী হতে হবে, কারিগরি জ্ঞানেও হতে হবে দক্ষ।”
তিনি আরও বলেন,“বিএনপি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যা আধুনিক বিজ্ঞান, উদ্ভাবনী প্রযুক্তি ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে তৈরি হবে। বিশ্বে আজ নিজেকে প্রমাণ করার লড়াই চলছে, সেখানে একনিষ্ঠতা, অধ্যবসায় ও দৃঢ় ইচ্ছাশক্তিই সাফল্যের চাবিকাঠি।”
মেধা বিকাশে ধারাবাহিক প্রচেষ্টার ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন,“মেধা জন্মগত হলেও তার বিকাশের জন্য প্রয়োজন নিয়মিত অনুশীলন, সঠিক দিকনির্দেশনা ও প্রবল ইচ্ছাশক্তি।”
অনুষ্ঠানটি আয়োজন করে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, পাকুন্দিয়া উপজেলার ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ হাজার ২১১ জন শিক্ষার্থী চারটি গ্রুপে বিভক্ত হয়ে এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়। প্রতিটি গ্রুপের শীর্ষ ১০ জনসহ মোট ৪০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় এবং অংশগ্রহণকারী সবার জন্য সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।






আপনার মতামত লিখুন