খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

রাজনীতি হতে হবে দেশের সাধারণ মানুষের কল্যাণে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
রাজনীতি হতে হবে দেশের সাধারণ মানুষের কল্যাণে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতি হতে হবে দেশের সাধারণ মানুষের কল্যাণে। দোষারোপের রাজনীতি করে মানুষের পেট ভরানো যায় না। মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় রাজনীতি।

আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে যশোরের আলোচিত শিশু আফিয়ার পরিবারের কাছে ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি।

তারেক রহমান বলেন, দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে মঞ্চে দাঁড়িয়ে এক দল আরেক দলের সমালোচনা ও দোষারোপ করে আসছে। এই ধারাবাহিকতায় পরিবর্তন প্রয়োজন। বিএনপি সেই পরিবর্তনের সূচনা করেছে উল্লেখ করে তিনি বলেন, রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকতে হবে মানুষের জীবনমান উন্নয়ন।

তিনি বলেন, আফিয়ার মতো দেশে অসংখ্য অসহায় পরিবার রয়েছে। বিএনপি প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে সব সময় এসব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। তবে একটি রাজনৈতিক দলের পক্ষে একা এই বিশাল দায়িত্ব বহন করা অত্যন্ত কঠিন। এজন্যই আগামীতে জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে অসহায় পরিবারগুলোর জন্য সেবা নিশ্চিত করা হবে।

বিএনপির চেয়ারম্যান আরো বলেন, কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে। শহর ও গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

ভারি বর্ষণ কিংবা উজান থেকে পানি ছেড়ে দেওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হওয়ার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, এ সমস্যা সমাধানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন প্রকল্প পুনরায় চালু করা হবে।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সব সময় সাধারণ মানুষের কথা চিন্তা করে কাজ করেছেন। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে আবারও খাল খনন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

তিনি আরো বলেন, নারীদের শিক্ষায় বেগম খালেদা জিয়ার নেওয়া উদ্যোগের সুফল ইতিমধ্যে পাওয়া গেছে। এখন সেই শিক্ষিত নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিএনপির বৃহৎ পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আলোচনা পর্ব শেষে আনুষ্ঠানিকভাবে শিশু আফিয়ার পরিবারের কাছে ঘর হস্তান্তর করেন বিএনপি নেতারা।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি