আপিল শুনানিতে বৈধতা ফিরে পেলেন নরসিংদী-৫ আসনের বিএনপি প্রার্থী
নির্বাচন কমিশনের আপিল শুনানিতে প্রার্থিতার বৈধতা পুনরুদ্ধার করেছেন নরসিংদী-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন। শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত অষ্টম আপিল শুনানি শেষে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
আপিল শুনানি শেষে আশরাফ উদ্দিন বলেন, মনোনয়নপত্রে একটি তারিখসংক্রান্ত সামান্য ভুলকে কেন্দ্র করে আপত্তি তোলা হয়েছিল। বিষয়টি খুবই ছোটখাটো ভুল হলেও তা সংশোধনের আবেদন করা হয়। জেলা পর্যায়ের রিটার্নিং কর্মকর্তা সেটি গ্রহণ করে আগেই মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন। পরে আপিলের শুনানিতে নির্বাচন কমিশনও তার প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছে।
তিনি জানান, এর ফলে তিনি এখন সম্পূর্ণ বৈধ প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও উল্লেখ করেন।
নির্বাচনের পরিবেশ নিয়ে আশঙ্কা প্রকাশ করে আশরাফ উদ্দিন বলেন, নরসিংদী-৫ আসনের কয়েকটি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। তার দাবি, ওই এলাকার প্রায় অর্ধেক মানুষ নিরাপত্তাজনিত কারণে নিজ নিজ বাড়িতে থাকতে পারছেন না। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন।






আপনার মতামত লিখুন