ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হককে শোকজ
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঢাকা-১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই প্রচারণা চালানোর অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলীর স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৮৬ নম্বর ঢাকা-১৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা মামুনুল হক গত ১৩ জানুয়ারি বিকেল আনুমানিক ৫টার দিকে নির্বাচন কমিশন ভবনের সামনে তার অনুসারীদের সঙ্গে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ ঘটনার ছবি ও তথ্য একটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসে।
নির্বাচনী আচরণবিধি ২০২৫-এর বিধি ১২(১) অনুযায়ী ভোটের দিন নির্ধারিত হওয়ার তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার চালানো নিষিদ্ধ। যেহেতু ভোটগ্রহণের দিন ধার্য রয়েছে ১২ ফেব্রুয়ারি, তাই ১৩ জানুয়ারি প্রচারণা চালানো আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে। এতে বিধি ৩ ও ১৮ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
এ অবস্থায় কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে মামুনুল হককে স্বশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের কার্যালয়ে লিখিত জবাব দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি মানা প্রত্যেক প্রার্থীর দায়িত্ব। নির্ধারিত সময়ের আগে প্রচারণা চালানোর কোনো সুযোগ নেই। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।






আপনার মতামত লিখুন