শরীয়তপুরে বোমা বিস্ফোরণ: উড়ে গেল বসতঘর
নিহত এক
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভোররাতে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং সোহান বেপারী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এই বিস্ফোরণ ঘটে। নিহত সোহান বেপারী পার্শ্ববর্তী সাতগড়িয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক পক্ষের মধ্যে উত্তেজনা ও বিরোধ চলছিল। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে বিকট বিস্ফোরণের শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে যায়। পরে স্থানীয়রা একটি রসুন ক্ষেতে সোহান বেপারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, ককটেল জাতীয় বিস্ফোরক থেকে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। নিহতের শরীরে বিস্ফোরণের স্পষ্ট আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি সালেহ আহমেদ জানান, বিস্ফোরণের ফলে একটি বসতঘর লণ্ডভণ্ড হয়ে যায়। এলাকাটি আগে থেকেই পুলিশের নজরদারিতে ছিল। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগেও গত রোববার (৪ জানুয়ারি) একই ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ও শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় এক যুবকের হাতের কবজি উড়ে যায় এবং পুলিশ অভিযান চালিয়ে চার বালতি ভর্তি ককটেল উদ্ধার করে। এসব ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল বলে স্থানীয়রা জানান।






আপনার মতামত লিখুন