তিন দিনে যত টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচনী ব্যয়ের জন্য ভোটার ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে উল্লেখযোগ্য অঙ্কের আর্থিক সহায়তা পেয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, মাত্র তিন দিনের মধ্যে তিনি মোট ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা অনুদান সংগ্রহ করেছেন।
ব্যারিস্টার ফুয়াদ জানান, তার নির্বাচনী এলাকার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ১০১ জন। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, জনপ্রতি ১০ টাকা হিসাবে তার ব্যয় সীমা নির্ধারিত হয়েছে ৩৩ লাখ ২১ হাজার ১০ টাকা। এ প্রেক্ষিতে তিনি যে অর্থ সহায়তা পেয়েছেন, তা স্বচ্ছভাবে হিসাবের আওতায় রাখা হচ্ছে বলে উল্লেখ করেন।
ফেসবুক পোস্টে দেওয়া তথ্যমতে, ৭ জানুয়ারি রাত পর্যন্ত তিনি বিকাশের মাধ্যমে পেয়েছেন ১৯ লাখ ২৩ হাজার ৫৫২ টাকা, নগদের মাধ্যমে ২ লাখ ৩৫ হাজার ৫৬ টাকা এবং ব্যাংক হিসাবে জমা হয়েছে ১৮ লাখ ৭ হাজার ৯৪৮ টাকা। সব মিলিয়ে অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা।
দেশ ও বিদেশ থেকে যারা আর্থিক সহায়তা দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, অতিরিক্ত অনুদানের বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে অনুদান সংক্রান্ত সব কাগজপত্র নির্বাচন পর্যন্ত নিরীক্ষার আওতায় রাখা হবে এবং পরে তা নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে। প্রয়োজনে নির্বাচন কমিশন বা সরকারের যে কোনো আর্থিক নিয়ন্ত্রক সংস্থার নিরীক্ষায় সর্বাত্মক সহযোগিতার কথাও জানান তিনি।






আপনার মতামত লিখুন