ভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ডে নতুন নিয়ম
সব আবেদন হবে অনলাইনে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার থেকে কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন করা বাধ্যতামূলক করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আগে প্রতিটি নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন কিংবা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে আবেদন করতে হতো। যাচাই-বাছাই শেষে সেখান থেকেই কার্ড ও গাড়ির স্টিকার দেওয়া হতো। এতে যেমন সময় নষ্ট হতো, তেমনি কমিশনের ব্যয়ও বেড়ে যেত। এসব বিবেচনায় নিয়ে এবার ডিজিটাল পদ্ধতিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থায় একটি বিশেষ ওয়েবসাইট চালু করা হয়েছে, যেখানে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সংযুক্ত করে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন অনুমোদিত হলে দেশীয় গণমাধ্যমকর্মীরা ঘরে বসেই সাংবাদিক কার্ড এবং পর্যবেক্ষকরা তাদের কার্ড ও গাড়ির স্টিকার ডাউনলোড করতে পারবেন।
আবেদন করতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইট pr.ecs.gov.bd-এ। আবেদনপত্রের সঙ্গে অফিসের প্যাডে করা আবেদন, পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে পিআইডি কার্ড থাকা বাধ্যতামূলক বলে জানান তিনি।






আপনার মতামত লিখুন