সংসদ নির্বাচন ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ন টাওয়ারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এক বার্তায় জানান, সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতারা উপস্থিত থেকে নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরবেন।
এদিকে, একই দিনে বিকেলে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলের রাজনৈতিক জোটে নতুন করে দুটি দল যুক্ত হওয়ার ঘোষণা আসে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানান, কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ওই জোটে অন্তর্ভুক্ত হয়েছে।
তবে ঘোষণার সময় এনসিপির কোনো প্রতিনিধি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না। এ বিষয়ে জামায়াত আমির জানান, এনসিপির নেতাদের সঙ্গে কিছুক্ষণ আগেই বৈঠক হয়েছে এবং তারা জোট বা সমঝোতার বিষয়ে নিজেদের অবস্থান রাতের মধ্যেই আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবে।
রাজনৈতিক অঙ্গনে এই দুই ঘটনার প্রেক্ষাপটে এনসিপির ঘোষিত সংবাদ সম্মেলনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






আপনার মতামত লিখুন