খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সুশাসন-সংস্কার-সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে এনসিপির ইশতেহার আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ২:০২ অপরাহ্ণ
সুশাসন-সংস্কার-সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে এনসিপির ইশতেহার আগামী সপ্তাহে

ভোটের মাঠের উত্তাপের মধ্যেই নতুন রাজনৈতিক দল ও ১১–দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে যাচ্ছে। দলটির ইশতেহারে নাজুক জনগোষ্ঠীর দারিদ্র্যের চক্র ভাঙার ‘বিশেষ প্রকল্পের’ অঙ্গীকার থাকবে বলে একাধিক সূত্রে জানা গেছে।

দলীয় সূত্র মতে, নতুন দল হিসেবে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে এনসিপি। সেই প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ বিনির্মাণে, বিশেষ করে তরুণ সমাজকে এই কাজে সরাসরি অন্তর্ভুক্ত করতে নির্বাচনী ইশতেহারে বিশেষ আকর্ষণ রাখা হচ্ছে। ইশতেহারের মূল স্লোগান বা মটো হতে পারে ‘সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব’। সেখানে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে একটি সুস্পষ্ট রোডম্যাপ থাকছে। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া ও অক্ষম জনগোষ্ঠীর জন্য আলাদা ‘সরকারি বরাদ্দ’ ও ‘লক্ষ্যভিত্তিক প্রকল্প’ নেওয়ার ঘোষণা থাকছে।

এ প্রসঙ্গে এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ বলেন, ‘এনসিপি একটি জোটের শরিক হিসেবে যৌথভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। ফলে ইশতেহারে মূলত দলের রাজনৈতিক আদর্শ, কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থার স্বরূপ এবং রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে নীতিগত কী কী পরিবর্তন আনা হবে, তার একটি স্পষ্ট প্রতিফলন থাকছে। বিশেষ করে, সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলে— এমন জনবান্ধব কর্মসূচিগুলোই এখানে অগ্রাধিকার পাচ্ছে।’

‘দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এনসিপি দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপর বিশেষ জোর দিচ্ছে’—  উল্লেখ করে আলাউদ্দিন মোহাম্মদ বলেন, ‘বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে ব্যাংক ও আর্থিক খাতকে ঢেলে সাজানো অপরিহার্য। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) বিকাশে সহজ শর্তে অর্থায়নের সুনির্দিষ্ট পরিকল্পনাও ইশতেহারে থাকছে। সর্বোপরি, নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিদ্যমান খাতগুলোকে কীভাবে আরও টেকসই ও শক্তিশালী করা যায়, সে বিষয়ে একটি সুস্পষ্ট ও বাস্তবমুখী দিকনির্দেশনা দেবে এনসিপি।’

শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি এবং শিক্ষকদের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনার পাশাপাশি স্বাস্থ্য খাতের আধুনিকায়ন ও পর্যাপ্ত বাজেট নিশ্চিত করতে একটি বিস্তারিত রূপরেখা প্রণয়ন করা হচ্ছে— বলেও মন্তব্য করেন তিনি।

‘প্রযুক্তিগত উৎকর্ষের এই যুগে তরুণ প্রজন্মকে আইসিটি খাতে দক্ষ করে তোলা এবং বৈশ্বিক ফ্রিল্যান্সিং বাজারে বাংলাদেশের অবস্থান দৃঢ় করতে এনসিপির ইশতেহারে আধুনিক ও বাস্তবসম্মত নীতিমালা থাকছে। এছাড়া, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মীদের প্রবেশাধিকার বাড়িয়ে দেশের কর্মসংস্থান সমস্যার একটি টেকসই সমাধানের পথ খোঁজা হচ্ছে।’

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রমে আরও গতি আনতে তোড়জোড় শুরু করেছে এনসিপি। দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সেক্রেটারি মনিরা শারমিনের অনুমোদনক্রমে গঠিত হয়েছে বিভিন্ন বিষয়ভিত্তিক উপ-কমিটি। এরই ধারাবাহিকতায় ‘ইশতেহার বিষয়ক উপ-কমিটি’র ঘোষণা দেওয়া হয়েছে, যার প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন এহতেশাম হক এবং সেক্রেটারি করা হয়েছে ইশতিয়াক আকিবকে। কমিটির অন্য সদস্যরা হলেন— জাহিদ আহসান, তৌকির আজিজ, আব্দুল্লাহ আল ফয়সাল, মুনা হাফসা, সাইফুল ইসলাম ও তুহিন মাহমুদ।

ইশতেহার উপ-কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, ইশতেহারের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান। তবে, এবারের ইশতেহারে তরুণ প্রজন্মের উন্নয়ন এবং ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। তিনি আরও ইঙ্গিত দেন যে, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, ব্যাংকিং ও আর্থিক খাতের আমূল সংস্কার, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং আইসিটি খাতের মাধ্যমে বিশ্ববাজারে তরুণদের সম্পৃক্ত করার একটি সুস্পষ্ট রূপরেখা এতে থাকছে। জনকল্যাণমূলক সেবার পরিধি বাড়াতে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, প্রতিটি উপজেলায় মোবাইল অ্যাম্বুলেন্স সেবা চালু, প্রবাসী শ্রমিকদের বিদেশযাত্রা সহজ ও স্বচ্ছ করা এবং এভিয়েশন খাতের আধুনিকায়নের পরিকল্পনাও যুক্ত হতে পারে সেখানে।

প্রসঙ্গত, ২০২৫ সালের ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের বিশাল জনসমুদ্র থেকে ‘সেকেন্ড রিপাবলিক’ বা ‘দ্বিতীয় প্রজাতন্ত্র’ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ২৪ দফার ঐতিহাসিক ইশতেহার ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ শিরোনামে এই রূপরেখাটি তুলে ধরেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের সেই ইশতেহারে একটি আধুনিক রাষ্ট্র বিনির্মাণে নতুন সংবিধান প্রণয়ন এবং সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা; ছাত্র-জনতার বিপ্লবের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং জুলাই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা; গণতন্ত্র ও প্রশাসনিক প্রতিষ্ঠানের সংস্কার, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আমূল সংস্কার, দুর্নীতি দমন এবং একটি সেবামুখী জনবান্ধব প্রশাসন গড়ে তোলা; বিচার বিভাগ ও আইন ব্যবস্থার সংস্কার; জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গঠন এবং শক্তিশালী নাগরিক সমাজ ও স্বাধীন গণমাধ্যমের বিকাশ নিশ্চিত করা; তৃণমূল পর্যায়ে ক্ষমতা পৌঁছে দিতে ‘গ্রাম পার্লামেন্ট’ ধারণা প্রবর্তন ও স্থানীয় সরকার কাঠামো শক্তিশালীকরণ; জাতিগঠনে আধুনিক শিক্ষানীতি, সর্বজনীন স্বাস্থ্যসেবা এবং তথ্যপ্রযুক্তি ও গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন আনা; নারী-পুরুষের সমঅধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করার পাশাপাশি সব ধর্ম, সম্প্রদায় ও ক্ষুদ্র জাতিসত্তার মর্যাদা রক্ষা করা; তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং শ্রমিক-কৃষকের ন্যায্য অধিকার আদায়ের মাধ্যমে একটি কল্যাণমুখী অর্থনীতি গড়ে তোলা; বহুমুখী বাণিজ্য নীতি গ্রহণ এবং টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিতকরণ; পরিকল্পিত নগরায়ন, আধুনিক পরিবহন ব্যবস্থা, জলবায়ু সহনশীলতা এবং নদী-সমুদ্র রক্ষা; জাতীয় সম্পদের সঠিক ব্যবস্থাপনা, প্রবাসীদের মর্যাদা রক্ষা এবং বাংলাদেশপস্থি স্বাধীন পররাষ্ট্রনীতি ও শক্তিশালী জাতীয় প্রতিরক্ষা কৌশল গ্রহণসহ জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বাস্তবমুখী ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ফুটে ওঠে এনসিপির ওই ২৪ দফার ইশতেহারে।

এনসিপি’র নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম দলের আসন্ন ইশতেহার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। তার ভাষ্যমতে, বাংলাদেশের সুশাসন নিশ্চিত করা, রাষ্ট্রীয় সংস্কার এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে ইশতেহারটি চূড়ান্ত করা হয়েছে।

সূত্র ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’-এ জনকল্যাণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিম্নলিখিত যুগান্তকারী প্রস্তাবনাগুলো থাকছে—

• নির্বাচিত জনপ্রতিনিধি (মন্ত্রী-এমপি) এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বার্ষিক আয় ও সম্পদের হিসাব একটি নির্দিষ্ট পোর্টালে বাধ্যতামূলকভাবে প্রকাশ করা হবে। এই তথ্যগুলো নিয়মিত হালনাগাদ করা হবে যাতে জনমনে স্বচ্ছতা নিশ্চিত হয়।

অর্থনৈতিক সংস্কার ও বৈষম্য নিরসন

• কর কাঠামো : এশিয়ার মধ্যে বর্তমানে সর্বনিম্ন অবস্থানে থাকা বাংলাদেশের কর-জিডিপি (Tax-GDP Ratio) অনুপাত বৃদ্ধির বিশেষ পরিকল্পনা থাকছে।

• নাগরিক স্বস্তি : নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা কমাতে করমুক্ত আয়ের সীমা বাড়ানো হবে। বিপরীতে, উচ্চবিত্ত ও ধনীদের ক্ষেত্রে করের হার যৌক্তিকভাবে বৃদ্ধি করা হবে।

• ন্যূনতম মজুরি : শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে ‘জাতীয় ন্যূনতম মজুরি’ প্রথা প্রবর্তন করা হবে।

• পরিকল্পিত কর্মসংস্থান : বেকারত্ব দূর করতে খাতভিত্তিক স্বল্প (৫ বছর), মাঝারি ও দীর্ঘমেয়াদি বাস্তবমুখী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

• মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটি : কর্মক্ষেত্রে মানবিক পরিবেশ নিশ্চিত করতে ৬ মাসের বাধ্যতামূলক মাতৃত্বকালীন এবং ১ মাসের পিতৃত্বকালীন ছুটির বিধান রাখা হবে।

• ডে-কেয়ার সেন্টার : কর্মজীবী মায়েদের পেশাগত সুরক্ষা ও শিশুদের যত্নে সারা দেশে পর্যাপ্ত সংখ্যক আধুনিক ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হবে।

স্বাস্থ্য খাতে ‘মোবাইল আইসিইউ’ ও জরুরি সেবা

• উপজেলা ভিত্তিক সেবা : প্রতিটি উপজেলায় বিশেষায়িত ‘মোবাইল অ্যাম্বুলেন্স’ ব্যবস্থা চালু করা হবে। এর লক্ষ্য হলো দুর্গম এলাকার রোগীদের দোরগোড়ায় জরুরি চিকিৎসা পৌঁছে দেওয়া।

• অ্যাম্বুলেন্সে চিকিৎসা : রোগী তোলার সাথে সাথেই অ্যাম্বুলেন্সের ভেতর প্রাথমিক চিকিৎসা শুরু হবে। সংকটকালীন অবস্থার জন্য প্রতিটি অ্যাম্বুলেন্সে থাকবে পোর্টেবল আইসিইউ (ICU) ও সিসিইউ (CCU) সুবিধা।

• বাস্তব চাহিদা পূরণ : অবকাঠামো নির্মাণের চেয়ে রোগীর তাৎক্ষণিক প্রয়োজন ও জীবন রক্ষাকারী সেবা সহজলভ্য করার ওপর অধিক গুরুত্ব দেওয়া হবে।

• জাতীয় ডিজিটাল সার্ভার : প্রশাসনিক কাজকে গতিশীল করতে ‘জাতীয় ডিজিটাল সার্ভার’ প্রতিষ্ঠা করা হবে।

• স্বাস্থ্য ডেটাবেজ : প্রতিটি নাগরিকের স্বাস্থ্যগত তথ্য সংরক্ষণে একটি কেন্দ্রীয় ডিজিটাল স্বাস্থ্য ডেটাবেজ স্থাপন করা হবে।

প্রবাসী ও এভিয়েশন খাতের আধুনিকায়ন

• বিদেশে কর্মরত বাংলাদেশিদের অধিকার রক্ষা এবং তাদের রাষ্ট্রীয় মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে একটি বিশেষ ‘গুচ্ছ পরিকল্পনা’ ইশতেহারে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

• সহজ বিদেশ যাত্রা : প্রবাসী শ্রমিকদের জন্য স্বচ্ছ, সাশ্রয়ী এবং হয়রানিমুক্ত প্রক্রিয়ায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার রূপরেখা থাকছে।

• শ্রমিকবান্ধব এভিয়েশন : বাংলাদেশের এভিয়েশন সেক্টরকে এমনভাবে সাজানো হবে যাতে এটি সরাসরি দক্ষ জনশক্তি রপ্তানি ও কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে।

• সরাসরি বাজার প্রবেশ : কৃষক ও ভোক্তার মধ্যে থাকা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে ‘কমিউনিটি মার্কেট’ বা ‘এক্সচেঞ্জ মার্কেট’ প্রতিষ্ঠা করা হবে।

• ডিজিটাল কৃষি তথ্য : কৃষকরা মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি নিজের পণ্যের বাজারমূল্য যাচাই করতে পারবেন এবং উৎপাদনস্থল থেকেই বিক্রির সুযোগ পাবেন।

• সিস্টেম লস হ্রাস : শহর ও গ্রামের বাজারের মধ্যে সংযোগ স্থাপন এবং পরিবহন ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে ‘সিস্টেম লস’ কমিয়ে আনা হবে, যাতে কৃষক সঠিক মূল্য পায় এবং ভোক্তার জন্য দাম নাগালে থাকে।

দলটির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ বলেন, আসন্ন নির্বাচনী ইশতেহার কেবল একটি প্রতিশ্রুতিপত্র নয়, বরং এটি হবে দলের আগামীর রাজনীতির একটি দীর্ঘমেয়াদি ও ভবিষ্যৎমুখী দিকনির্দেশনা। তার মতে, ‘আমাদের লক্ষ্য কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং রাষ্ট্র পরিচালনার নীতিতে গুণগত পরিবর্তন আনা। যদি আমাদের জোট সরকার গঠন করতে পারে, তবে এনসিপি ইশতেহারে বর্ণিত অঙ্গীকারগুলো বাস্তবায়নে সরকারের ওপর শক্তিশালী নীতিগত প্রভাব বজায় রাখবে। আমাদের প্রধান উদ্দেশ্য হবে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির আলোকে দেশ পরিচালনা নিশ্চিত করা।’

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি