কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে বঞ্চিত সংবাদ সম্মোলন
কিশোরগঞ্জ -১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন বঞ্চিত পাঁচ মনোনয়নপ্রত্যাশী। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে শহরের স্টেশন রোডে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ হিলালি। তিনি অভিযোগ করেন, ঘোষিত প্রার্থী মাজহারুল ইসলাম অতীতে ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ ছিলেন এবং বিভিন্ন অনিয়ম ও চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত। দলের স্বার্থেই তার মনোনয়ন পুনর্বিবেচনা করা প্রয়োজন বলে দাবি জানান হিলালি।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও ২০১৮ সালের বিকল্প প্রার্থী খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, সাবেক সহ-সভাপতি রুহুল হোসাইন এবং অ্যাডভোকেট শরিফুল ইসলাম।
নেতারা বলেন, ঘোষিত প্রার্থী যদি পরিবর্তন করা না হয়, তাহলে এলাকার জনগণ যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী নিজেরাই বেছে নেবে। তারা আরও অভিযোগ করেন, মাজহারুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ স্থানীয়ভাবে সুপরিচিত।
প্রভাবশালী এসব নেতা স্পষ্ট করে জানান, মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে অন্য কাউকে প্রার্থী ঘোষণা করতে হবে; তা না হলে তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটি কিশোরগঞ্জ-১ আসনে প্রাথমিকভাবে মাজহারুল ইসলামকে মনোনয়ন দেয়।






আপনার মতামত লিখুন