কুকুরছানা হত্যা মামলায় জামিন পেলেন নিশি আক্তার
পাবনার ঈশ্বরদীতে আট কুকুরছানাকে বস্তায় ভরে পানিতে নিক্ষেপ করে হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া নিশি আক্তার (৩৮) অবশেষে জামিন পেয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে পাবনা ম্যাজিস্ট্রেট কোর্টের আমলি আদালত–২ এর বিচারক তরিকুল ইসলাম ৫ হাজার টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেন।
এর আগে, গত বুধবার একই আদালত তার জামিন না মঞ্জুর করে দুই বছরের শিশুসহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল।
নিশির স্বামী, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন বলেন, “আমার দুই বছরের ছোট ছেলেটিকেও মায়ের সঙ্গে কারাগারে থাকতে হয়েছে। আগের আবেদনটির শুনানি হয়নি, আজ শুনানি শেষে আদালত জামিন দিয়েছেন।”
ঘটনার শুরু কয়েক দিন আগে। ঈশ্বরদী উপজেলার ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের সরকারি বাসার আঙিনায় একটি মা কুকুর আটটি ছানা প্রসব করে। সোমবার সকালে মা কুকুরটিকে ছুটোছুটি করতে দেখা যায়। পরে পাশের একটি পুকুর থেকে আট ছানার মরদেহ উদ্ধার হয়। স্থানীয়ভাবে অভিযোগ ওঠে, নিশি ছানাগুলোকে পানিতে ফেলে হত্যা করেছেন।
এ ঘটনায় মঙ্গলবার রাতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে মামলা করেন। এরপর রাতেই নিশিকে গ্রেপ্তার করা হয় এবং বুধবার আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।






আপনার মতামত লিখুন