রূপপুর প্রকল্পে রাশিয়ান কর্মীর মরদেহ উদ্ধার
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিক কারপোভ ক্রিলের (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের জিগাতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ পাওয়া যায়।
পুলিশ জানায়, কারপোভ ক্রিল ঠিকাদারি প্রতিষ্ঠান ইএসকেএম কোম্পানির ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তিনি চিকিৎসক আনোয়ার হোসেনের মালিকানাধীন একটি ভবনের পঞ্চম তলায় একা থাকতেন।
ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, শনিবার রাতে রাশিয়ায় থাকা ক্রিলের পরিবারের সদস্যরা বারবার ফোন করেও যোগাযোগ করতে ব্যর্থ হন। পরে বিষয়টি কোম্পানির নিরাপত্তা কর্মকর্তাকে জানানো হয়। সিকিউরিটি অফিসার দোভাষী আনোয়ারুল ইসলাম ও পাশের ফ্ল্যাটে থাকা আরেক রাশিয়ান নাগরিক দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ক্রিলকে বিছানার ওপর উপুড় অবস্থায় পাওয়া যায়। পরে রাশিয়ান চিকিৎসক মিখাইল তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ব্রেন স্ট্রোকে মারা গেছেন। কয়েক দিন আগে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।






আপনার মতামত লিখুন