খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় সারা দেশের মসজিদগুলোতে জুমার নামাজের পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দলীয় উদ্যোগে এ আয়োজন করা হয়। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উপাসনালয়—মন্দির, গির্জা ও প্যাগোডায়ও তাঁর সুস্থতার জন্য প্রার্থনার আহ্বান জানানো হয়।
রাজধানীর নয়াপল্টন মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।
দোয়া শেষে মির্জা ফখরুল জানান, কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স শনিবার দেশে পৌঁছাবে। চিকিৎসকদের অনুমতি সাপেক্ষে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে তিনি ফ্লাইটে উঠতে সক্ষম কি না—তা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।
মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্রের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন বেগম জিয়া। কারাবন্দি অবস্থায় তাঁর শারীরিক জটিলতার শুরু। পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।”
তিনি দেশবাসীর প্রতি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করার আহ্বান জানান।






আপনার মতামত লিখুন