সংকটাপন্ন বেগম খালেদা জিয়া: দেশে আসা নিয়ে যা জানালেন তারেক রহমান
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন। মায়ের এমন পরিস্থিতিতে দলের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় থাকলেও, বিষয়টি নিয়ে বাস্তবতা তুলে ধরে নতুন বার্তা দিয়েছেন তিনি।
শনিবার (২৯ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান বলেন, “মা বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তাঁর আরোগ্যের জন্য দেশ–বিদেশের মানুষ দোয়া করছেন। সরকার প্রধানও চিকিৎসার সহায়তার আশ্বাস দিয়েছেন।”
তিনি আরও উল্লেখ করেন, দেশের ও বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকেরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে চিকিৎসা প্রদান করছেন। বন্ধুত্বপূর্ণ কয়েকটি রাষ্ট্র থেকেও উন্নত চিকিৎসার সহায়তার আগ্রহ প্রকাশ করা হয়েছে।
সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান লিখেন, “মায়ের জন্য দেশবাসীর দোয়া ও ভালোবাসায় আমরা গভীরভাবে কৃতজ্ঞ। তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ করছি।”
দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, “এমন সময়ে মায়ের পাশে থাকার আকাঙ্ক্ষা আমারও প্রবল। কিন্তু পরিস্থিতি ও রাজনৈতিক বাস্তবতা আমাকে একক সিদ্ধান্ত নিতে দিচ্ছে না।”
তিনি আরও জানান, উপযুক্ত পরিস্থিতি তৈরি হলেই দেশে ফেরার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে পরিবার আশাবাদী।
শারীরিক নানা জটিলতায় ভোগা খালেদা জিয়াকে সর্বশেষ গত রোববার (২৩ নভেম্বর) পুনরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত বছরের গণ–অভ্যুত্থানের পর মুক্তি পেয়ে চিকিৎসার জন্য তিনি লন্ডনে অবস্থান করেছিলেন দীর্ঘ ১১৭ দিন। দেশে ফিরেও নিয়মিত পরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিতে হয়।






আপনার মতামত লিখুন