ময়মনসিংহের বাসায় অগ্নিসংযোগের ঘটনায় যা বললেন ঢাকসু সদস্য রাফিয়া
ময়মনসিংহের ঢোলাদিয়া এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসায় ককটেল বিস্ফোরণ ও দাহ্য পদার্থ ছিটিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (২০ নভেম্বর) রাত প্রায় ৩টার দিকে এ হামলা করা হয়।
ঘটনার পর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে রাফিয়া লিখেছেন, “আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়।”
বৃহস্পতিবার দুপুরে পুলিশ বাড়িটি পরিদর্শন করে। পরে বিকেলে অজ্ঞাত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন।
এজাহারে বলা হয়, রাত ২টা ৫০ থেকে ৩টার মধ্যে একটি জোরালো বিস্ফোরণের শব্দে পরিবারের ঘুম ভেঙে যায়। সকালে বাসার গেটে নিচে নামলে দেখা যায়—গেটের অংশ পুড়ে কালো হয়ে গেছে, সামনে পোড়া ছাই পড়ে আছে এবং আশপাশে কেরোসিন ও পেট্রলের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। অভিযোগ করা হয়, পূর্বপরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরানো হয়েছে।
রাফিয়ার মা জিন্নাত মহল বলেন, “আমাদের কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই। আমার মেয়ের রাজনৈতিক সক্রিয়তার কারণেই এ হামলা হয়েছে বলে মনে করি। এখন আমরা আতঙ্কে আছি।”
কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, বিস্ফোরক দ্রব্য আইনে মামলা নেওয়া হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।






আপনার মতামত লিখুন